
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি পদপ্রার্থী সাদিক কায়েম।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, নির্বাচনী নিয়ম ভেঙে ছাত্রদলের কয়েকজন প্রার্থী কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে ভোটারদের কাছে গিয়ে স্লিপ বিতরণ করছেন এবং ডেস্ক বসিয়েছেন।
সাদিক কায়েম বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন স্পষ্ট করে বলেছিল, কোনো কেন্দ্রের সামনে ডেস্ক বসানো যাবে না। সে কারণে আমরা বসাইনি। কিন্তু সকালে এসে দেখি একটি সংগঠন নিয়ম ভেঙে ডেস্ক বসিয়েছে এবং ভোটারদের কাছে গিয়ে স্লিপ দিচ্ছে।”
তিনি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আচরণবিধি ভঙ্গকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।”
সাদিক কায়েম আরও বলেন, জুলাই মাসে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার নজির তারা স্থাপন করেছিলেন। সেই ধারা ধরে রাখতে হবে ডাকসু নির্বাচনেও। “আমরা বৈষম্যহীন ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে চাই। এই নির্বাচন সেই আন্দোলনেরই ধারাবাহিকতা। দেশের মানুষ এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে, আমরা চাই তাদের কাছে ইতিবাচক বার্তা পৌঁছাক।”
তিনি আশাবাদ ব্যক্ত করেন, নির্বাচন শুরুর মতো শেষ পর্যন্তও শান্তিপূর্ণভাবে চলবে এবং শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটকে আস্থা রাখবে।