
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ছাত্রদলের বিরুদ্ধে ভুয়া বুথ বসানোর অভিযোগ তুলেছেন সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদপ্রার্থী মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।
অভিযোগে মুসাদ্দিক বলেন, “ছাত্রদল এখানে বুথ বসিয়ে ভোটারদের বিভিন্ন তথ্য দিচ্ছে এবং লিফলেট বিতরণ করছে। তারা বলছে, এগুলো ভোটারদের তথ্য। কিন্তু যদি সত্যিই ভোটারদের তথ্য হতো তবে সেখানে ভোটারদের নাম থাকত, প্রার্থীদের নাম নয়। তাদের এ কর্মকাণ্ড নির্বাচনী পরিবেশকে নষ্ট করছে।”
তিনি আরও জানান, বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনারকে দ্রুত পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়েছে। “যদি নির্বাচন কমিশন ব্যবস্থা না নেয়, তাহলে বোঝা যাবে তারা ছাত্রদলকে সমর্থন করছে,” যোগ করেন মুসাদ্দিক।
তবে অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী তানভীর বারী হামিম। তিনি বলেন, “আমরা ১০০ ফুটের বাইরে ডেস্ক বসিয়েছি। অভিযোগ সঠিক নয়।”