
কক্সবাজার-৩ আসনের আমজনতার দল মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবছারের ওপর হামলার অভিযোগ উঠেছে। রোববার (১৮ জানুয়ারি) কক্সবাজার জেলা আদালত ভবনের ক্যাফেটেরিয়া সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে হামলার পর তাকে সদর থানা ভবনের নিচে কাঁদতে দেখা গেছে।
প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্যমতে, নির্বাচনী প্রচারণার জন্য ‘ক্রাউড ফান্ডিং’ বা অনুদান চেয়েছিলেন আবছার। এ সময় এক সমর্থক ভুলে ১০ টাকার পরিবর্তে ১০ হাজার টাকা পাঠিয়ে দেন। ওই টাকা ফেরত পাওয়াকে কেন্দ্র করে তর্কের একপর্যায়ে হাতাহাতি ও মব (উচ্ছৃঙ্খল জনতা) সৃষ্টির ঘটনা ঘটে। পরবর্তীতে তাকে টেনেহিঁচড়ে থানায় নিয়ে যাওয়া হয়।
ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আবছারকে অত্যন্ত ভেঙে পড়তে দেখা গেছে। তিনি বর্তমানে নিজেকে অনিরাপদ দাবি করছেন এবং জীবন ঝুঁকিতে রয়েছেন বলে থানা কর্তৃপক্ষকে জানিয়েছেন। সাধারণ নেটিজেনদের মধ্যে এই ঘটনাটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
এমএইচ /এমকে