
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। নির্বাচন কমিশন আপিল শুনানি শেষে তার প্রার্থিতা বাতিল করায় এ আইনি পদক্ষেপ নিতে যাচ্ছেন বলে জানিয়েছেন আলমগীর।
রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন প্রার্থিতা বাতিলের রায় দেয়। এ বিষয়ে সারোয়ার আলমগীর জানান,আমি ন্যায়বিচারের জন্য হাইকোর্টে আবেদন করবো।
তিনি আরও বলেন, “আমাদের সমর্থকদের ধৈর্য ধরতে বলছি। ইনশাআল্লাহ আমরা ন্যায়বিচার পাব।”
সূত্র জানায়, রিটার্নিং কর্মকর্তার কাছে প্রাথমিকভাবে বৈধ ঘোষিত হলেও সারোয়ার আলমগীরের বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ তুলে আপিল করা হয়। জামায়াতে ইসলামীর প্রার্থী মো. নুরুল আমীন এ অভিযোগ দায়ের করেন। শুনানি শেষে নির্বাচন কমিশন অভিযোগ গ্রহণ করে তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত দেয়।
এর ফলে আসন্ন নির্বাচনে অংশ নিতে চাইলে সারোয়ার আলমগীরকে এখন হাইকোর্টের দ্বারস্থ হতে হবে।
এমএইচ/এমআর/দেশবিদেশ